আশুলিয়ায় মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ
ঘুম থেকে দেরিতে ওঠার কারণে ঢাকার আশুলিয়ায় মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আশুলিয়া থানার শ্রীপুর এলাকার তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসার হোস্টেল সুপার গত রোববার সকালে ওই ছাত্রের ওপর নির্যাতন চালান।শিক্ষার্থীরা জানায়, গত রোববার মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা ছিল। তাই অনেকে গত শনিবার অনেক রাত জেগে লেখাপড়া করে। ফলে এসব শিক্ষার্থীর অনেকের পক্ষেই প্রতিদিনের মতো ভোর সাড়ে চারটায় ঘুম থেকে ওঠা সম্ভব হয়নি। এ অবস্থায় রোববার ভোর পাঁচটার দিকে মাদ্রাসার হোস্টেল সুপার মো. সহুল আহামদ হোস্টেল পরিদর্শনে গিয়ে প্রথমেই বেলাল হোসাইন নামের দশম শ্রেণীর এক ছাত্রকে ঘুমিয়ে থাকতে দেখেন। তাকে জাগিয়ে তোলার চেষ্টা না করে তিনি হঠাৎ ক্ষেপে গিয়ে বেত্রাঘাত করতে থাকেন। বেতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের হতে থাকে। বেলাল জানায়, হোস্টেল সুপার মো. সহুল আহামদ ঘুমন্ত অবস্থায়ই তাঁর ওপর অমানবিক নির্যাতন চালান। হোস্টেল সুপার মো. সহুল আহামদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।