আশুলিয়ায় মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার
ঢাকার আশুলিয়ার কন্ডা এলাকার একটি খাল থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় আকলিমা আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে।
আকলিমা কন্ডা গ্রামের আলকেস মিয়ার মেয়ে। সে স্থানীয় উনাইল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও আকলিমার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে আকলিমা মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল সকালে বাড়ি ও মাদ্রাসা থেকে এক কিলোমিটার দূরে একটি খালের পানিতে কাশবনঘেরা জঙ্গলের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে গত তিন দিনে শিয়াল-কুকুরে খাওয়ার কারণে লাশটি প্রায় কঙ্কালে পরিণত হয়। আকলিমার সহপাঠী শারমিন বলে, মঙ্গলবার যথাসময়ে আকলিমা মাদ্রাসায় উপস্থিত হয়। বেলা দেড়টায় মধ্যাহ্ন বিরতির সময় আকলিমা ও আরেক সহপাঠী ইউসুফ আলীসহ তারা তিনজন ছুটি নেয়। মাদ্রাসা থেকে কিছুদূর যাওয়ার পর আকলিমা আলাদা হয়ে তার বাড়ির দিকে যায়। আর তারা অন্য পথে বাড়ি ফেরে। এর পরের দিন আর তারা আকলিমাকে মাদ্রাসায় দেখেনি।
আকলিমার ভাই শাকিল আহমেদ বলেন, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব দুই কিলোমিটার। ওই মাদ্রাসার পাশেই তাদের নানার বাড়ি। মঙ্গলবার তাঁর বোন বাড়িতে না ফেরায় তাঁরা মনে করেছিলেন সে নানার বাড়িতে আছে। কিন্তু বুধবার জানতে পারেন সে ওই বাড়িতে যায়নি। এরপর খোঁজাখুঁজি করে গতকাল তাঁর লাশ পাওয়া যায়। তিনি বলেন, ‘কেউ পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘আমাদের ধারণা, আকলিমার সঙ্গে কারও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই সম্পর্কের সূত্র ধরে তাকে ফুসলিয়ে কোনো নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর তাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়।’
ওসি আরও বলেন, কয়েকজনে মিলে এ কাজ করেছে। একজনের পক্ষে তার হাত-পা বেঁধে হত্যা করা সম্ভব নয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।