আশুলিয়ায় মানববন্ধন থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকর্মীদের ওপর ‘ভূমিদস্যুদের’ হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঢাকার আশুলিয়া প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাভার ও আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এদিকে হামলার ওই ঘটনায় আহত সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরী বাদী হয়ে গতকাল ভোরে আশুলিয়া থানায় মামলা করেছেন। এতে ওমর আলী, তাঁর সহযোগী জনি, রুস্তম, সোহেলসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। পরে রুস্তম ও সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে গণকবাড়ি মৌজায় সওজের জমি মাপতে গিয়ে সওজ নয়ারহাট উপবিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম ও সার্ভেয়ার (জরিপকারী) আরিফুর রহমান হামলার শিকার হন। এ সময় গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা করা হয়।
অভিযোগ রয়েছে, ওমর আলী দীর্ঘদিন ধরে সওজের প্রায় নয় বিঘা জমি দখল করে আছেন। সেখানে তিনি স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করে আসছেন। সওজ কর্তৃপক্ষ ওই জমি মাপতে গেলে ওমর আলীর নেতৃত্বে হামলা হয়। তবে ওমর আলীর দাবি, ওই জমি তাঁর।