আশুলিয়ায় মালিক-শ্রমিক পক্ষের হাতাহাতি, সোয়েটার কারখানা সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি না পেয়ে এক কর্মকর্তাকে ‘কটু কথা’ বলার জের ধরে গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার ওশানগেট সোয়েটার লিমিটেডের শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কারখানাটি দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন ও জামাল নামে দুজন শ্রমিক গতকাল সকাল ১০টার দিকে কারখানার নির্বাহী পরিচালক বদরুল আলমের সঙ্গে দেখা করে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ছুটির আবেদন করেন। তিনি ছুটি দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা ক্ষেপে গিয়ে ওই কর্মকর্তাকে কটু কথা বলেন। এর জের ধরে কারখানার এক সুপারভাইজার ওই দুই শ্রমিককে চড় মারেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা বদরুলসহ ওই সুপারভাইজারকে মারধর করেন। শ্রমিকেরা বদরুলসহ আরও কয়েকজন কর্মকর্তাকে অপসারণের দাবি জানাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় থাকলে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ও আজ বুধবারের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। দুপুর একটার দিকে শ্রমিকেরা কারখানা থেকে চলে যান। শ্রমিকেরা অভিযোগ করেন, কথায় কথায় পরিচালক বদরুল তাঁদের সঙ্গে অসদাচরণ করেন।তবে পরিচালক বদরুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকেরা গত রোববার থেকে বুদ্ধপূর্ণিমার ছুটি চেয়ে আসছিলেন। কাজের চাপে ছুটি দিতে অপারগতা প্রকাশ করায় কতিপয় শ্রমিক তাঁকে লাঞ্ছিত করেন।শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।