আশুলিয়ায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হাউজি-জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় চলছে হাউজি, লটারি আর নানা ধরনের জুয়া। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে অশ্লীল নৃত্য। এসব মেলায় এসে জুয়াড়িদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অথচ গত বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে যাত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যসহ অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের ক্ষেত্রে আয়োজকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার জানান, ঢাকার জেলা প্রশাসকের নির্দেশে জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গত বৃহস্পতিবার পত্র দেওয়া হয়েছে। এর পরও তিনি আয়োজকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হাইকোর্টের নির্দেশনা থাকার কারণে ইউএনওর নির্দেশের পরও জুয়া বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অভিযোগ রয়েছে, পুলিশ ও সরকারি দলের নেতাদের হাত করেই এসব জুয়ার আসর চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এ জন্য আয়োজকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও পাচ্ছেন তাঁরা। সন্ধ্যার পর আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুরের দিকে যেতেই বেরন এলাকায় চোখে পড়বে আলোঝলমল তোরণ। ওই তোরণের ভেতর দিয়ে গেলেই এক পাশে দেখা যাবে ছোট্ট একটি ছাপরাঘর। যার সামনে লেখা, ‘মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠান’। নিচে লেখা, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আশুলিয়া’। এর চারপাশেই চলছে হাউজি, ওয়ান এইট, ওয়ান টেনসহ নানা ধরনের জুয়া আর লটারি। জুয়ার আসরের এক কোণে রয়েছে যাত্রার মঞ্চ। আশুলিয়া থানা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের নামে আয়োজন করা হলেও বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন সমিতির সভাপতি রমজান আলী এসব করে যাচ্ছেন। এর সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। সরকারি দলের প্রভাবশালী এক নেতা ও স্থানীয় থানার পুলিশ বশে থাকায় তাঁরা এসবের প্রতিবাদ করতে পারছেন না। যাত্রাশিল্প উন্নয়ন সমিতির সভাপতি রমজান আলী বলেন, ‘প্রশাসনের অনুমতি বা সম্মতি নিয়েই এসব করা হচ্ছে। আমরা অবৈধভাবে কিছু করছি না। তা ছাড়া হাইকোর্টেরও আদেশ রয়েছে আমাদের অনুকূলে।’ বেরন থেকে পাঁচ কিলোমিটার দূরে ডেন্ডাবর এলাকায়ও চলছে নানা ধরনের জুয়া। আয়োজকদের একজন শচীন দেবনাথ জানান, থানা ও প্রভাবশালীদের নিয়মিত টাকা দিয়ে তিনি এসব চালাচ্ছেন। জুয়ার আসর থেকে চাঁদা নেওয়ার অভিযোগ সম্পর্কে ওসি বদরুল আলম বলেন, ‘জুয়ার আসর থেকে আমি বা আমার কোনো পুলিশ সদস্য টাকা নেন না।’