আশুলিয়ায় মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য বিভাগের এক কর্মকর্তার অপসারণের দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় স্থানীয় একটি মৎস্য বাজারের ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। পরে ব্যবসায়ীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় আশার আলো বাজারের মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন তিন মাস ধরে জাটকা বিক্রি বন্ধের অজুহাতে ওই বাজারে অভিযান চালাচ্ছেন। তিনি ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছেন। তাঁর চাহিদামতো টাকা না দিলে নয় ইঞ্চির বেশি লম্বা মাছকেও জাটকা বলে জব্দ করেন। এর পর ওই মাছ তিনি নিজেই অন্য বাজারে নিয়ে বিক্রি করেন।ব্যবসায়ীরা জানান, নাজিম উদ্দিন গত ৭ নভেম্বর অভিযানে গিয়ে নয় ইঞ্চির বেশি লম্বা ইলিশ মাছকে জাটকা বলে জব্দ করেন। পরে তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে বাজারেই মাছ রেখে যান। গত ১৭ ডিসেম্বর ও ১৭ জানুয়ারিও অভিযান চালিয়ে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে নয় ইঞ্চির বেশি লম্বা ইলিশ মাছকে জাটকা বলে জব্দ করে নিয়ে যান। পরে জব্দ করা মাছ তিনি আবদুল্লাপুরের কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।বাজারের ব্যবসায়ীরা গতকাল বেলা ১১টার দিকে বাজারের সামনে বিক্ষোভ করেন। এ সময় ব্যবসায়ী নেতারা নাজিম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এরপর তাঁরা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। তবে সব অভিযোগ অস্বীকার করে নাজিম উদ্দিন বলেন, ‘নিয়ম অনুযায়ী জাটকা মাছ আটক করায় অসাধু ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়েছেন।’ এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘অভিযানের নামে কেউ কোনো অনৈতিক কাজ করে থাকলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’