আশুলিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার দোসাইদ এলাকায় সন্ত্রাসীরা কলিম শেখ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।কলিম ঢাকার ধামরাই উপজেলার ফরিঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দোসাইদ এলাকায় বসবাস করছিলেন। বিদেশে লোক পাঠানো ছিল তাঁর পেশা।আশুলিয়া থানা পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দোসাইদ এলাকার আবদুর রাজ্জাক, কাশেম আলী ও বিপ্লব নামে চার যুবক গত সোমবার বিকেল চারটার দিকে কলিমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর পর তারা ওই এলাকারই একটি নির্জন স্থানে বসে তাস খেলছিল। একপর্যায়ে মিন্টু নামে কলিমের এক বন্ধু সেখানে উপস্থিত হয়ে কলিমকে ধাওয়া করে। কিছু দূর ধাওয়া করার পর মিন্টু তাঁকে ধরে মারধর করে চলে যায়। এর কিছুক্ষণ পরই কলিম মারা যান। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কলিমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে নিহত কলিমের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় মিন্টু, রাজ্জাক, কাশেম ও বিপ্লবসহসহ ১০ জনকে আসামি করা হয়েছে।নিহতের স্ত্রী দীপা বেগম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে মিন্টু তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।তবে এলাকাবাসী জানান, কলিম প্রতিদিনই জুয়া খেলতেন। ওই জুয়া খেলার টাকার ভাগ নিয়েই তাঁকে হত্যা করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাহীন পারভেজ বলেন, কী কারণে কলিমকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে আসামিদের সঙ্গে কলিমের সখ্য ও সোমবার বিকেলে তাঁদের সঙ্গে জুয়া খেলার প্রমাণ পাওয়া গেছে। মিন্টু তাঁকে মারধর করেছে বলেও নিশ্চিত হওয়া গেছে।এসআই শাহীন পারভেজ বলেন, বিদেশে লোক পাঠানোর লেনদেন নিয়েও তিনি খুন হয়ে থাকতে পারেন।