আশুলিয়ায় যুবলীগের তিন নেতাকে পিটিয়েছে লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় গত শনিবার রাতে যুবলীগের তিন নেতাকে পিটিয়েছে স্থানীয় লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে।লোকজনের পিটুনিতে আহত ব্যক্তিরা হলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুনসুর আলম, ইয়ারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া ও মমিনুল হক। আশুলিয়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শফিক নামে এক যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীরচট এলাকার বোরহান উদ্দিনের দোকানে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন। স্থানীয় লোকজন শফিককে পিটিয়ে আটক করে রাখেন। খবর পেয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুনসুর আলম তাঁকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করার কথা জানালে মুনসুর উত্তেজিত হয়ে তাঁদের উদ্দেশে কটু কথা বলেন। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মুনসুরকে মারধর করেন। পরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালান। এলাকাবাসীও তাদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় তিনটি গুলি ছোড়া হয়। পরে যুবলীগের নেতা-কর্মীরা মুনসুরকে উদ্ধার করে দ্রুত সটকে পড়েন। মুনসুর আলম বলেন, মোটরসাইকেলযোগে গাজীরচট এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা সেখানে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। এ ব্যাপারে মুনসুর আলমের চাচা মোহাম্মদ আলী বাদী হয়ে গতকাল রোববার আশুলিয়া থানায় মামলা করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এম কামাল বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।