আশুলিয়ায় রাত হলেই আতঙ্ক, বাড়ছে চুরি-ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাত হলেই হানা দিচ্ছে ডাকাত দল। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে চার বাসায় ডাকাতি এবং একটি মুঠোফোনের দোকানে চুরি হয়েছে। এ নিয়ে আতঙ্কিত রয়েছে এলাকার বাসিন্দারা।শনিবার রাতে আশুলিয়া বাজারের আজিজ মার্কেটের ‘লাবু অ্যান্ড ফরিদ টেলিকম’ নামের একটি মুঠোফোনের দোকানে হানা দিয়ে ডাকাতেরা ১০ লাখ টাকার মালামাল লুট করে। একই রাতে আশুলিয়া বাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দুটি বাসায় হানা দিয়ে ডাকাতেরা সাড়ে তিন লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতদের রডের আঘাতে গৃহকর্তা হাসান গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার রাতে রোস্তমপুরে ব্যবসায়ী শওকত হোসেনের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা ৩০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা লুটে নিয়ে যায়।গত শুক্রবার রাতে গাজিরচট এলাকায় আলী মুন্সির বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা আট ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা লুটে নেয়।এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পুলিশের অনীহার কারণে থানায় মামলা করতে পারছেন না। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলা না নেওয়ার অভিযোগ সত্য নয়।