আশুলিয়ায় রাস্তার অভাবে গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কলতাসুতি গ্রাম থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দূরত্ব মাত্র এক কিলোমিটার। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) রাস্তা নির্মাণ করে দিলেও একটি আবাসিক সোসাইটির বাধার কারণে লোকজন সেটি ব্যবহার করতে পারছে না। তাই মহাসড়ক ব্যবহার করতে গ্রামের বাসিন্দাদের ১০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।

স্থানীয় ইউপি সূত্রে জানা গেছে, গাজীপুর ও ঢাকা জেলার সীমান্ত এলাকায় অবস্থিত কলতাসূতি গ্রামে অন্তত ১০ হাজার মানুষ বসবাস করে। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য দুই কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ড ব্যবহার করে। বছর সাতেক আগে সরকারি অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন কয়েকটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সড়কের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে ওই রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করে আসছিল। কিন্তু অনন্যা আবাসিক পল্লি সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান কয়েক মাস আগে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রাস্তার প্রবেশপথে ফটক ও শেষ প্রান্তে প্রাচীর নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে অনন্যা সোসাইটির সভাপতি এ বি এম ফজলে এলাহী এ বিষয়ে কথা বলতে চাননি।

গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন, হাজী ইয়াকুব আলীসহ আরও অনেকে বলেন, তাঁদের গ্রামের অন্তত ৪০০ ছেলেমেয়ে পড়াশোনা করে। এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় তারা গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। কিন্তু রাস্তার অভাবে এখন ওই ছেলেমেয়েদের ১০ থেকে ১৫ কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয়ে যেতে হয়।

গ্রামের বাসিন্দারা আরও বলেন, বছর খানেক আগে তাঁদের গ্রামের পাশে গাজীপুরের সীমান্ত এলাকায় চালু করা হয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল। রাস্তার অভাবে ওই হাসপাতালে যেতেও তাঁদের ১০ কিলোমিটার পথ ঘুরতে হয়।

সরেজমিনে দেখা গেছে, ওই হাসপাতালের পাশেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন অনন্যা আবাসিক পল্লি সোসাইটি। সোসাইটির পাশ দিয়েই রয়েছে ইট বিছানো একটি রাস্তা। ওই রাস্তার উভয় পাশে অকোটেক্স গ্রুপ, আমিন মডেল টাউনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। রাস্তাটির সঙ্গে কলতাসুতি গ্রামের সংযোগ স্থাপন করেছে একটি কাঁচা রাস্তা।

অকোটেক্স গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অসীম কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানসহ অন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাস্তার জন্য সমান পরিমাণ জমি ছাড়া হয়। কিন্তু অনন্যা কর্তৃপক্ষ রাস্তার প্রবেশমুখে (ঢাকা-টাঙ্গাইল সড়কসংলগ্ন) ফটক ও শেষাংশে প্রাচীর নির্মাণ করেছে। এতে তাঁদের চলাচলও বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, ফজলে এলাহী রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এর প্রতিবাদ করায় তিনি (ফজলে এলাহী) এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন।