আশুলিয়ায় রেস্তোরাঁয় বিস্ফোরণ, চার কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে চারজন কর্মী আহত হয়েছে। গতকাল সোমবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত চারজন হলো জয়নাল আবেদিন (৫৫), বিল্লাল হোসেন (৩৫), সৈকত আহাম্মেদ (৩৪) ও ছমির উদ্দিন (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে রেস্তোরাঁ খুলে জয়নাল ও বিল্লাল পরোটা বানাচ্ছিলেন। আর ছমির মেঝে ঝাড়ু দিয়ে পাশে একটি পাত্রে ময়লা-আবর্জনা জমা করছিল। এ সময় ছমির আবর্জনার স্তূপে ককটেলসদৃশ একটি বস্তু কুড়িয়ে পায়। সাড়ে ছয়টার দিকে সে তা খোলার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত ছমির ও বিল্লালকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জয়নাল ও সৈকত স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।