আশুলিয়ায় র্যাব-গ্রামবাসী সংঘর্ষ, ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার আরিয়ারামোর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় র‌্যাবের দুই কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যায় সাদা পোশাকে আসামি ধরতে গেলে এ ঘটনার সূত্রপাত হয় বলে র‌্যাব ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর র‌্যাব অভিযান চালিয়ে নারী-পুরুষসহ বেশ কয়েকজনকে আটক করেছে। এরপর থেকে ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।
যোগাযোগ করা হলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি ও খতিয়ে দেখছি। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
র‌্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে আরিয়ারামোর এলাকার ইয়াকুব আলী নামে এক ব্যক্তি মারা যান। বিকেলে তাঁর জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার সময় সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নিহত ব্যক্তির ছেলে আবদুলকে আটক করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে আবদুলকে ছিনিয়ে নেন। এর পরও লোকজন র‌্যাবকে ধাওয়া করলে তাঁরা (র‌্যাব) স্থানীয় আমিন মাতাব্বরের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
পরে খবর পেয়ে অতিরিক্ত র‌্যাব সদস্য গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় গ্রামবাসীর সঙ্গে র‌্যাবের সংঘর্ষ হয়। ঘটনার পর ওই গ্রামে গিয়ে কথা বলার জন্য কোনো পুরুষ খুঁজে পাওয়া যায়নি। তবে ফারজানা বেগমসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী নারী জানান, র‌্যাবের ওপর প্রথম দফা হামলার পর অতিরিক্ত র‌্যাব এসে গ্রামবাসীর ওপর হামলা চালায়। গ্রামবাসী র‌্যাব সদস্যদের ঘেরাও করে চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে র‌্যাব সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করার পাশাপাশি বেশকিছু গুলি ছোড়ে। এ সময় নুরুজ্জামান নামে এক রিকশাচালকসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লাঠির আঘাতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর র‌্যাব নারী ও পুরুষসহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেন তাঁরা।
ইয়াকুব আলীর স্ত্রী মজিরন বেগম অভিযোগ করেন, র‌্যাব তাঁদের বাড়িতে ঢুকে তাঁকেসহ তাঁর স্বামীর লাশ দেখতে আসা স্বজনদের লাঠিপেটা করে। যাদের সবাই নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৪-এর কয়েকজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার আসামি আবদুলকে গ্রেপ্তার করতে এসে তাদের দুই কর্মকর্তাসহ বেশ কয়েকজন গ্রামবাসীর হামলার শিকার হয়ে আহত হন। হামলার শিকার হয়ে একপর্যায়ে তাঁরা একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। খবর পেয়ে তাঁদের উদ্ধারের জন্য অতিরিক্ত র‌্যাব সদস্য ওই গ্রামে গেলে তাঁরাও হামলার শিকার হন। পরে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে র‌্যাব সদসস্যদের উদ্ধার করেন।
আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ‘বিষয়টি আমাদের আগে থেকে জানা ছিল না। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’