ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী। আশুলিয়ার বড় আশুলিয়া গ্রামের এবায়দুল হোসেনের ছেলে ইকবাল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল ইকবালকে ধরতে খেজুরবাগান এলাকায় যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইকবাল ও তাঁর সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ইকবাল গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, ইকবাল খেজুরবাগান এলাকার চাঞ্চল্যকর সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়া তিনি থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।