আশুলিয়ায় শিশু ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ার ভাদাইলে তিন বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ আবুল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুটির পরিবার জানায়, শিশুটির বাবা পোশাক কারখানায় চাকরি করেন। তিনি থাকেন ভাদাইলে। শিশুটির মা সন্তানসহ থাকেন বাগেরহাটের গ্রামের বাড়িতে। মাঝেমধ্যে তাঁরা আশুলিয়ায় বেড়াতে আসেন। ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, প্রায় ১৫ দিন আগে স্বামীর সঙ্গে দেখা করতে তিনি মেয়েকে নিয়ে আশুলিয়ায় আসেন। স্বামী মেসে থাকায় তিনি ভাদাইলে তাঁর বোনের বাড়িতে ওঠেন। বোনের বাসার পাশেই থাকেন পোশাকশ্রমিক আবুল হোসেন। আবুলের স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় তাঁর বাসা খালি ছিল। তিনি জানান, গত শুক্রবার বেলা ১১টার দিকে মেয়েকে বাসায় না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আবুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তাঁর সন্দেহ হয়। এ সময় তিনি প্রতিবেশীদের সহায়তায় আবুলকে দরজা খুলতে বাধ্য করেন। পরে আবুলের ঘরের ভেতরে গিয়ে তিনি তাঁর মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় জনতা আবুলকে ধরে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ আবুলকে গ্রেপ্তার করে।এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা শুক্রবার রাতে আশুলিয়া থানায় আবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ধর্ষণের শিকার শিশুটি সাংবাদিকদের জানায়, সে খালার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আবুল তাকে আদর করে ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।