আশুলিয়ায় শ্রমিক অপহরণের অভিযোগ এনে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে অপহরণ করানোর অভিযোগে এনে ঢাকার আশুলিয়ার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলসের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। একই দিন গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানায় তিন-চারজন শ্রমিক অসুস্থ হলে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জের সদর উপজেলায় দুটি পোশাক কারখানায় খাবার খেয়ে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।অপহরণ করানোর অভিযোগ: আশুলিয়ার কাঠগড়ার আমতলার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলস কারখানার একাধিক শ্রমিক জানান, দুপুরের খাবারের ভাতা বাড়ানোর দাবিতে সম্প্রতি শ্রমিকেরা আন্দোলন করেন। ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এমন ২০ জনের একটি তালিকা করে কারখানা কর্তৃপক্ষ। ওই তালিকায় শ্রমিক ফারুক হোসেনের নামও রয়েছে। তিনি গত সোমবার দুপুরের খাবার খেয়ে কারখানায় আসার পথে কয়েকজন সন্ত্রাসী তাঁকে অপহরণ করে।শ্রমিকেরা জানান, গতকাল সকালে তাঁরা কর্মস্থলে এসে ফারুকের অপহরণের খবর জানতে পারেন। তাঁকে উদ্ধারে তাঁরা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার দাবি জানান। কিন্তু মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। এরপর শ্রমিকেরা কারখানার বিভিন্ন তলায় ভাঙচুর চালান। এ বিষয়ে জানতে চাইলে কারখানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে ফারুককে মারধর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে গ্রামের বাড়ি নীলফামারীর একটি বাসে তুলে দেয়। তিনি বলেন, ‘ফারুকের সঙ্গে আমাদের কথা হয়েছে। কাল (আজ বুধবার) তিনি কাজে যোগ দেবেন।’ শ্রমিকেরা বলছেন, আজ বুধবারের মধ্যে ফারুক ফিরে না এলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।২০ শ্রমিক অসুস্থ: নারায়ণগঞ্জের শিল্প পুলিশ-৪-এর সহকারী পুলিশ সুপার মাসুদ আহমেঞ্চদ জানান, সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকদের ডিম-রুটি খেতে দেওয়া হয়। ডিম-রুটি খাওয়ার কিছুক্ষণ পর ২০ জন শ্রমিকের বমি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বিকেএমইএর পরিচালক ও শ্রমিক সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, প্রচণ্ড গরমের কারণে অনেক সময় খাদ্যে বিষক্রিয়া হতে পারে। শ্রমিকেরা বর্তমানে সুস্থ আছেন।ভূতে ধরার গুজব: গাজীপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার নর্প নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে শৌচাগার থেকে বের হয়ে তিন-চারজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কারখানার চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ব্যাপারে কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, টয়লেটে গেলেই নাকি ভূত শ্রমিকদের গলা চেপে ধরছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি]