আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কয়েকটি কারখানায় ছুটি
সোয়েটার-প্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি আদায় নিয়ে সৃষ্ট শ্রমিক অসন্তোষের মুখে ঢাকার আশুলিয়ায় কয়েকটি কারখানায় গতকাল বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার জিরাবো এলাকার হরিজন ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কয়েক দিন ধরে সোয়েটার-প্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে গতকাল সকালে কয়েকজন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। সকাল সাড়ে নয়টার দিকে ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে যান। এরপর শ্রমিকেরা একই এলাকার ম্যাগপাই, মাসকট ও অ্যাজাক সোয়েটারসহ কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জিরাবো ও পাশের ঘোষবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কয়েকটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা বাড়ি চলে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষ ও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।