আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, দেড় শতাধিক কারখানায় ছুটি
মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবারও ঢাকার অদূরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সোয়া আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় দ্য রোজ ড্রেসেজ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা ভেতরে ঢুকে কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় মেডলার ও হা-মিম গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর পর এই তিন প্রতিষ্ঠানের শ্রমিকেরা এক হয়ে আশপাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুড়তে থাকেন। পুলিশ এসে বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সকাল সাড়ে আটটা থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে নরসিংহপুর এলাকায় স্থানে স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও গরম পানি ছোড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা।
সংঘর্ষের এই খবর ছড়িয়ে পড়লে আশুলিয়ার জিরানি এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এরপর ওই এলাকার প্রায় সব কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া আশুলিয়ার জিরাবোর বিশমাইল সড়কের কাঠগড়া ও পুকুরপাড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে বিক্ষোভ করলে অন্তত ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার জানান, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার অন্তত দেড় শতাধিক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।