আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪০ কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার নরসিংহপুর ও জিরানি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের জের ধরে ওই এলাকার ৪০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভের সময় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ ও কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশ ও শ্রমিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হন। এ সময় তাঁরা অবিলম্বে নতুন মজুরি বোর্ড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে যান। এর পরপরই পাশের শারমীন গ্রুপ ও জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা কারখানা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ সংঘর্ষ চলাকালে জামগড়া থেকে নরসিংহপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবারের গুলি ও জলকামান ব্যবহার করে। এ সময় অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার জের ধরে ওই এলাকায় ৪০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে, আশুলিয়ার জিরানি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে জ্যোতি নামে শিল্প পুলিশের একজন কনস্টেবল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে জানান, আশুলিয়ার অন্য এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ওই সব এলাকার কারখানাগুলো খোলা আছে।