আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল বুধবার সকালে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও পারিশ্রমিক বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি কারখানার কয়েকটি কাচ ও আসবাব ভাঙচুর করেছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি কারখানা।জানা গেছে, জামগড়া এলাকার এএম ডিজাইনের কয়েক শ শ্রমিক গতকাল সকাল আটটার দিকে কাজে যোগ দিয়ে এপ্রিল মাসের বকেয়া বেতন দাবি করেন। কারখানা কর্তৃপক্ষ কাজ শেষে বেতন পরিশোধ করার আশ্বাস দিলেও শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি কাচ ও আসবা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করতে আলোচনায় বসেন। সন্তোষজনক আলোচনা শেষে দুপুর একটার দিকে শ্রমিকদের বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান।অপরদিকে একই সময়ে জামগড়া এলাকার মদিনা অ্যাপল ফ্যাশন লিমিটেড নামের আরও একটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।কারখানার শ্রমিক সালাম, আক্কাস ও মিলন জানান, সোয়েটারপ্রতি পারিশ্রমিক নির্ধারণ করার পরও গত মাসের বেতন দেওয়ার সময় কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ করেনি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে এএম ডিজাইনের সমস্যার সমাধান হলেও মদিনা অ্যাপল ফ্যাশান লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।