আশুলিয়ায় শ্রমিক-কর্মকর্তা ও পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় নাসা গ্রুপের নাসা বেসিক নামের একটি পোশাক কারখানায় গত বুধবার শ্রমিক বিক্ষোভের জের ধরে গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় শ্রমিক-কর্মকর্তা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কর্মকর্তা ও শ্রমিকসহ অর্ধশত লোক আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানাটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। সংঘর্ষ এড়াতে নাসা বেসিকসহ ওই এলাকার দুটি কারখানা ছুটি দেওয়া হয়।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নিশ্চিন্তপুর এলাকার নাসা বেসিকের প্রায় চার হাজার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কর্তৃপক্ষ বুধবারের বিক্ষোভে অংশ নেওয়া বেশ কিছু শ্রমিককে বরখাস্ত করার প্রস্তুতি নিলে শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও তাদের ভাড়াটে লোকজন লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালালে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। আধা ঘণ্টারও বেশি সময় সংঘর্ষ চলে। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভেতরে ঢুকে পরিস্থিতি শান্ত করতে শ্রমিক ও কর্মকর্তাদের লাঠিপেটা করতে থাকে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় শ্রমিক-কর্মকর্তা ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।সংঘর্ষের একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ওই এলাকার জনরন নামের একটি সোয়েটার কারখানায় হামলা করার চেষ্টা চালান। ভাঙচুর এড়াতে কর্তৃপক্ষ ওই কারখানাটি ছুটি দিলে উভয় কারখানার শ্রমিকেরা মিলে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।পুলিশ ও শ্রমিকেরা জানান, সংঘর্ষ চলাকালে নাসা বেসিকের উৎপাদন ব্যবস্থাপক সামসুল আলম, সুপারভাইজার জসিম, কোয়ালিটি কর্মকর্তা সেলিমসহ অর্ধশত লোক আহত হন।পুলিশ জানায়, সাত কর্মকর্তার অপসারণসহ শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নাসা বেসিকের শ্রমিকেরা গত বুধবার কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। এ কারণে কর্তৃপক্ষ গতকাল অর্ধ শতাধিক শ্রমিককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এর জের ধরেই গতকাল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে নাসা বেসিকসহ ওই এলাকার জনরন কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ঘটনার পর ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ বুধবার রাতেই শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এ জন্য আগে থেকেই গতকাল কারখানার ভেতরে ভাড়াটে লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে রাখা হয়, যা বিক্ষুব্ধ শ্রমিকদের দমনে ব্যবহার করা হয়। তাঁরা আরও বলেন, কর্তৃপক্ষের উসকানির কারণেই গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সংঘর্ষ ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবারের বিক্ষোভের জের ধরেই গতকাল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি কারখানার ভেতর থেকে বেশ কিছু লাঠি উদ্ধারের কথাও নিশ্চিত করেন।