আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস অ্যান্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা গতকাল শনিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। পূর্বঘোষণা ছাড়াই ২৫ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। আশুলিয়া থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে একে একে কারখানার ভেতরে ঢুকলেও ২৫ জন শ্রমিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁদের ছাঁটাই করার কথা জানিয়ে পাওনা বুঝে নিতে বলা হয়। নিরুপায় হয়ে ২০ জন শ্রমিক পাওনা বুঝে নিলেও পাঁচজন টাকা নেওয়া থেকে বিরত থাকেন। এ খবর ভেতরে কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল নয়টা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শ্রমিক-অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।