আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
ঢাকার সাভারের আশুলিয়া থানার আউখপাড়া এলাকায় গতকাল সোমবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের একা কর্মকর্তা ও সদস্যসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানো, পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধসহ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আউখপাড়া এলাকায় অবস্থিত ডাইনেস্টি সোয়েটার কারখানার পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ না দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনে আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ছুড়লে শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও শ্রমিকদের ওপর রাবারের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। এ পর্যায়ে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশ কোণঠাসা হয়ে পড়ে। তখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা বেগতিক দেখে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে জলকামানসহ র্যাব ও অতিরিক্ত পুলিশ আনা হয়। তখন পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আবাসিক এলাকা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে গিয়ে আশ্রয় নেন। পৌনে ১১টার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।এ সময় আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ ও পুলিশের পাঁচ সদস্য এবং ৪৫ শ্রমিক আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।পরিদর্শক আবদুর রশিদ জানান, পুলিশ ৫০টি রাবারের গুলি ও ২৩টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে প্রত্যক্ষদর্শীরা এই সংখ্যা আরও বেশি বলে দাবি করেন। আবদুর রশিদ জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর বিকেলে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। ওই বৈঠকে সোয়েটারপ্রতি পারিশ্রমিক ১০ টাকা বাড়ানোর আশ্বাস দিলে শ্রমিকেরা তা মেনে নেন।