আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কুটুরিয়া এলাকায় গতকাল রোববার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, বেলা দুইটার দিকে কুটুরিয়ায় আজমত গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ কারখানা থেকে তাঁদের বের করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাঙচুর করে কারখানা থেকে বেরিয়ে বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাঁদের প্রতিহত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে। কিন্তু শ্রমিকদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। বেলা সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা শিল্প পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচও ভাঙচুর করেন। বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের উপসহকারী পরিচালক আবদুল বাতেন, উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক, গাড়িচালক নুরুল ইসলাম ও কনস্টেবল রাসেল আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের লাঠির আঘাত ও গুলিতে আহত হন কমপক্ষে ১২ জন শ্রমিক। উপসহকারী পরিচালক আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা বেশ মারমুখী ছিলেন। তাঁরা বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ৩৫টি কাঁদানে গ্যাসের শেল ও ৭৯টি রাবারের গুলি ছোড়ে।’