ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল শনিবার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন উপপরিদর্শক ও পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে।এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় শ্রমিক অসন্তোষের জের ধরে গতকাল শনিবার সকালে একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে ফিরে যান।সাভার: কারখানা সূত্রে জানা গেছে, সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা গত বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ শুক্রবার রাতেই কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। শ্রমিকেরা কারখানার সামনে জটলা পাকানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। তাড়া খেয়ে কারখানার প্রায় এক হাজার শ্রমিক সকাল নয়টার দিকে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। জবাবে পুলিশও শ্রমিকদের লক্ষ্য করে রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে আধঘণ্টা ধরে চলে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন পারভেজ ও পাঁচ কনস্টেবলসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গতকাল আশুলিয়া থানায় মামলা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শ্রমিকেরা নাশকতার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ দেখেই শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তিনি রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেন।কালিয়াকৈর: গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া এলাকার কোরিয়ান মালিকানাধীন হেসং সোয়েটার লিমিটেড কারখানায় উৎপাদন বোনাসের দাবিতে শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। ওই ঘটনায় গত শুক্রবার কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় চার শতাধিক শ্রমিকের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ কারখানার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন শ্রমিককে গ্রেপ্তার করে। অবশেষে গত শুক্রবার রাতে কারখানার ঢাকা অফিসে কর্মকর্তারা বৈঠক করে গতকাল শনিবার প্রধান গেটে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেন। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে কিছুক্ষণ বিক্ষোভ করেন। কারখানার পরিচালক শহিদুল ইসলাম লিটন বলেন, ‘শ্রমিকেরা হামলা চালিয়ে যে পরিমাণে ক্ষতিসাধন করেছে, তাতে ধারণা করা হচ্ছে তারা চায় না কারখানা খোলা থাকুক। তাই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি ভালো হলে আবার চালু করার চিন্তা করা যেতে পারে।’কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।