ঢাকার সাভারের আশুলিয়ার জিরাব এলাকায় গতকাল সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকার ২০টি কারখানায় গতকালের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিরাব এলাকার ম্যাগপাই নিটওয়্যার সোয়েটার নামের কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে দেখেন ছুটি ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হন।এরপর শ্রমিকেরা ওই এলাকার আইরিশ ফ্যাশন ও আনিমা স্পোর্টস ওয়্যার নামের দুটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকেরা বিশমাইল-জিরাব সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ আবারও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।ম্যাগপাই নিটওয়্যারের একাধিক শ্রমিক অভিযোগ করেন, আশপাশের অন্যান্য কারখানার সঙ্গে মিল রেখে প্রতিটি সোয়েটারের পারিশ্রমিক দেওয়ার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি মানছে না। এ বিষয়ে ম্যাগপাই নিটওয়্যারের উৎপাদন ব্যবস্থাপক ফরিদুল হক বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। বিশৃঙ্খলার কারণে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।ম্যাগপাই কারখানায় বিক্ষোভের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে জিরাবসহ আশপাশের এলাকার সাউদার্ন গ্রুপের তিনটি কারখানা, আনিমা স্পোর্টস ওয়্যার, আইরিন ফ্যাশন, মাসকট গ্রুপের একটি কারখানা, পূর্ণিমা ফ্যাশন, কন্টিনেন্টাল গার্মেন্টস, একটিভ কম্পোজিট, ডিজাইন টেক্স, ইউনিভার, বেঙ্গল প্লাস্টিক, এমকে নিটিং, এএন ডিজাইন, দোয়েল সোয়েটারসহ ২০টি কারখানায় গতকালের জন্য শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, দুপুরের পর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।