ঢাকার সাভারের আশুলিয়া থানার কাঠগড়া ও পুকুরপাড়সহ আশপাশ এলাকার পোশাক কারখানায় গতকাল শুক্রবার সকালে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ-আনসারসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ১৫টি যানবাহনসহ বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর করেন। পরে ওই এলাকার ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকার টেক্স টাউন পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনার পর গতকাল সকালে শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন। এরপর শ্রমিকেরা গত মাসের বেতনের সঙ্গে অতিরিক্ত কাজের মজুরিসহ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন-ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা স্লোগান দিতে দিতে কারখানা থেকে বের হয়ে আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর করেন। এ সময় ওই কারখানাগুলোতে ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। তখন ওই সব কারখানার শ্রমিকেরা টেক্স টাউনের শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন।কর্তব্যরত পুলিশের হাবিলদার মনিরুল ইসলাম, কনস্টেবল রতনসহ স্থানীয় ব্যক্তিরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা পুকুরপাড় এলাকার লুসাকা গ্রুপের একটি পোশাক কারখানায় হামলা চালান। তাঁরা কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্যরা বাধা দেন। এ সময় শ্রমিক, পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশের হাবিলদার মনিরুল ইসলাম, নায়েক মিজানুর রহমান, কনস্টেবল ফারুক হোসেন, আনসার সদস্য সোলায়মান, ইব্রাহীম এবং ১৯ শ্রমিক আহত হন।এরপর শ্রমিকেরা সকাল ১০টার দিকে ওই এলাকার অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে যানবাহনসহ কারখানায় ভাঙচুর চালান।অরুনিমার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বহিরাগত শ্রমিকেরা মূল ফটক ও প্রাচীর টপকে কারখানার ভেতরে ঢোকেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার শ্রমিকবাহী ১৫টি বাস ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করেন।পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভার-জিরাবো সড়কের উভয় পাশের আরও কয়েকটি কারখানায় হামলা চালান। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিকদের হামলা ও ভাঙচুরের পর লুসাকা, পিকার্ড, অ্যাকটিভ কম্পোজিট, অরুনিমা, মাসকট গ্রুপ, আইরিশ ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস, ইনসেপ্টা, মিলেনিয়াম, ডেকো গ্রুপসহ ওই এলাকার প্রায় ৩০টি কারখানায় গতকালের জন্য শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।এদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, পুলিশ ও র্যাব কর্মকর্তারা গতকাল দুপুরে টেক্স টাউন পোশাক কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০ থেকে ২৫টি রাবার বুলেট ছোড়ে; তবে গুলিতে কোনো শ্রমিক আহত হননি।