আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ২০ জন আহত
ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় গতকাল বুধবার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। ১০ দফা দাবিতে শ্রমিকেরা তিন দিন ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জামগড়ার ‘ফ্যাশন নিট কোম্পানি লিমিটেড’ নামের কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে ক্ষুব্ধ হন। তাঁরা কারখানার অদূরে সমবেত হয়ে সমাবেশ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, সমাবেশ চলার সময় আশুলিয়া থানার পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের যৌক্তিক পাওনা থেকে বঞ্চিত করে আসছে। গতকাল কারখানা বন্ধ দেখে এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করেন তাঁরা। এতে পুলিশের হামলায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে কারখানার ব্যবস্থাপক (হিসাব) মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, এবার ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দেওয়া হয়। ছুটি কাটিয়ে প্রথম দিন গত রোববার কর্মস্থলে উপস্থিত হয়েই তাঁরা ওই দিনও ছুটি ভোগ করার দাবি জানান। এতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকেরা অযৌক্তিক ১০ দফা দাবি তুলে কারখানার পরিবেশ অশান্ত করার চেষ্টা করেন। এর পরও শ্রম আইন অনুযায়ী দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তাতেও কাজে যোগ না দেওয়ায় গতকাল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, ‘শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’