আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
ঢাকার সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লিবার্টি ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকালে এ বিক্ষোভ করেন। আশুলিয়া থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে কারখানার দেড় হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেন। এরপর সকাল সোয়া আটটার দিকে শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতর কর্মবিরতি পালন করতে থাকেন। এ সময় কর্তৃপক্ষ বহিরাগত লোকজন নিয়ে এসে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করার চেষ্টা করলে শ্রমিকেরা একজোট হয়ে সকাল সাড়ে আটটার দিকে কারখানা থেকে বের হয়ে জিরানী-শিমুলিয়া সংযোগ সড়কে অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবরোধ করেন। সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।