আশুলিয়ায় শ্রমিক মৃত্যুর গুজবে যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। এর আগে সোমবার রাতে শ্রমিকেরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাসের ধাক্কায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের শ্রমিক সুলতানা আহত হন। তাঁকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সুলতানা আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ জানায়, গতকাল সকালে নিশ্চিন্তপুরের নিউ এজ নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে গাড়িচাপায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে খাবার বিরতির সময় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা নাসা গ্রুপসহ আরও একটি কারখানায় গিয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে ওই দুটি কারখানার বেশ কিছু শ্রমিক তাঁদের সঙ্গে যোগ দেন। দুপুর দুইটার দিকে ওই সব কারখানার শ্রমিকেরা একজোট হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন সোমবার রাতে ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যোগাযোগ করলে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক এ এস এম মাসুম উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিক নিহত হওয়ার গুজবে শ্রমিকেরা সড়ক অবরোধ করে যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।