আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ার এ এম ডিজাইন এবং নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ লিমিটেড নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মজুরি ও অন্যান্য ভাতা বহাল রেখে পোশাকশ্রমিকদের বেতন ঘোষণার দাবিতে তাঁরা এ বিক্ষোভ করেন। সহিংসতা এড়াতে ওই এলাকাসহ পুরো শিল্পাঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে এ এম ডিজাইনের প্রায় দুই হাজার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হয়ে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মজুরি ও অন্যান্য ভাতা বহাল রেখে পোশাকশ্রমিকদের বেতন ঘোষণার দাবি জানান। কর্তৃপক্ষ এককভাবে এই দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলে শ্রমিকেরা সকাল সাড়ে নয়টা থেকে একযোগে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করতে থাকেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকেরা বেলা ১১টার দিকে কাজে যোগ দেন। অপরদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ নামের আরেকটি পোশাক কারখানার দুই হাজারেরও বেশি শ্রমিক সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে একই দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করতে থাকেন। কর্তৃপক্ষ তাঁদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করলেও তাঁরা কাজে যোগ না দিয়ে একপর্যায়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ জানায়, টানা সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভের পর বেলা তিনটার দিকে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি দিয়ে দিলে শ্রমিকেরা চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম কারখানা দুটিতে কর্মবিরতি ও বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোটা শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রাখার কথাও স্বীকার করেন।