আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। মামলা প্রত্যাহার ও সাত কর্মকর্তার অপসারণের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে ওই এলাকার নাসা গ্রুপের আরও তিনটি কারখানায় গতকাল উৎপাদন বন্ধ থাকে। থানা পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় নাসা গ্রুপের নাসা বেসিক নামের পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হন। এরপর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আনোয়ার হোসেনসহ সাত কর্মকর্তার অপসারণের দাবি জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের দাবির প্রতি কোনো গুরুত্ব না দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। নাসা বেসিকের শ্রমিকদের কাজ বন্ধের খবর পেয়ে ওই এলাকার নাসা গ্রুপের নাসা গ্লোবাল, নাসা ওয়াশ ও নাসা হাইটেক নামের আরও তিনটি পোশাক কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে কারখানা তিনটি ছুটি দিয়ে দেয়। বেলা দুইটার দিকে নাসা বেসিকের শ্রমিকেরা কোনো সিদ্ধান্ত ছাড়াই কারখানা থেকে বাড়ি চলে যান। কারখানার শ্রমিক লাবলু, আকাশ, রফিক ও হাসানসহ আরও কয়েকজন অভিযোগ করেন, নানা অজুহাতে শ্রমিকদের নির্যাতন করে কর্তৃপক্ষ উল্টো শ্রমিকদের নামেই মিথ্যা মামলা করে। দীর্ঘদিন ধরেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ এসব অপতৎপরতার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হচ্ছিল। কিন্তু মালিক পক্ষ এসব দাবি পূরণে আন্তরিক না হওয়ায় গতকাল শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।