আশুলিয়ায় শ্রমিকবাহী বাস তুরাগে, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকট শব্দের পর সেতুর ঢালে গড়াতে থাকে পোশাকশ্রমিকদের বহনকারী বাসটি। উল্টে পড়ে তুরাগ নদে। হাঁটুপানি থাকায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় জানালা ও বাসের ছাদ।গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া এলাকার আবদুল্লাপুর-বাইপাইল সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আশুলিয়ার খেজুরবাগ এলাকার কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের (সিআইপিএল) সুপারভাইজার সাঈদুর রহমান (২৮) ও এক নারীশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত বাসযাত্রী। ওই দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। বাসটি সকালে রাজধানীর মিরপুর থেকে অর্ধশতাধিক শ্রমিক নিয়ে খেজুরবাগে সিআইপিএলের কারখানায় যাচ্ছিল।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, আশুলিয়ায় আবদুল্লাপুর-বাইপাইল সড়কে তুরাগ নদের পূর্ব পাশে সেতুর মুখে একটি বিকল পিকআপ থেমে ছিল। শ্রমিকদের বহনকারী বাসটি বিকল পিকআপের পাশ দিয়ে সেতুর ওপর ওঠার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ওই বাসটিকে (শ্রমিক বহনকারী) ধাক্কা মেরে চলে যায়। মুহূর্তে বিকট শব্দ করে শ্রমিকদের বাসটি তুরাগ নদে গিয়ে পড়ে। ঘটনাস্থলের পাশেই তুরাগ নদে নৌকা মেরামতের কাজ করছিলেন রফিকুল ইসলাম ও লোকমান হোসেন নামের দুজন। তাঁরা কাছ থেকে ঘটনা প্রত্যক্ষ করেন এবং উদ্ধার তৎপরতায় অংশ নেন। রফিকুল বলেন, হাঁটুপানি থাকায় বাসটি নদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় জানালা ও বাসের ছাদ।বাসের যাত্রী সিআইপিএলের শ্রমিক সুমন মিয়া অভিযোগ করেন, বাসটি চালাচ্ছিলেন চালকের সহযোগী। তাই অপর বাসের সামান্য ধাক্কাতেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।দুর্ঘটনার পরপর উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। তাঁরা বাসে আটকে পড়া যাত্রীদের বের করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার পর আশুলিয়ায় ছুটে আসেন সিআইপিএলের শ্রমিক নাসিমা আক্তারের মামা আবদুর রাজ্জাক ও শ্রমিক মমতাজের আত্মীয় আবদুল। ঘটনাস্থলসহ আশুলিয়া থানা ও বিভিন্ন হাসপাতাল ঘুরে গতকাল বেলা দুইটা পর্যন্ত তাঁদের সন্ধান পাননি তাঁরা। রাজ্জাক ও আবদুল জানান, দুর্ঘটনার পর থেকে নাসিমা ও মমতাজের মুঠোফোন বন্ধ রয়েছে। তাঁরা বাসায়ও ফিরে যাননি। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনশাহ পারভেজ বলেন, দুর্ঘটনাস্থলে পানির উচ্চতা ছিল মাত্র দেড় ফুট। এ কারণে রাস্তা থেকে প্রায় ৭০ ফুট নিচে পড়ে গেলেও বাসের প্রায় সবাই প্রাণে বেঁচে গেছেন।সাভারের ট্রাফিক সার্জেন্ট মো. আবুল হোসেন বলেন, তুরাগ সেতুসহ সেতুর উভয় পাশ বেশ অমসৃণ ও এবড়োখেবড়ো। এ কারণে যানবাহনগুলো বেশ ঝুঁকি নিয়ে চলাচল করে।