আশুলিয়ায় শ্রমিকের মৃত্যু, পাল্টাপাল্টি বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার গৌরীপুর এলাকার শানিন প্যাকেজিং লিমিটেড নামের একটি কারখানায় গতকাল শনিবার ভোরে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, ডাকাতদের অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। তবে পুলিশ জানিয়েছে, ডাকাতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হতে পারে।এ ব্যাপারে কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাহাঙ্গীর আলম গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।জাহাঙ্গীর আলম জানান, ভোর চারটার দিকে একদল ডাকাত কারখানার পেছন দিক থেকে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মী ফজলুল হক ও শাহ আলমকে বেঁধে ফেলে। এ সময় তাঁরা চিৎকার দিলে ডাকাতরা তাঁদের মারপিট করে। পরে ডাকাতরা অফিস কক্ষে ঢুকে আলমারি ভেঙে এক লাখ টাকা লুটে নেয়। এ সময় কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। রফিকুল রাতের বেলা কারখানার ভেতরেই থাকতেন।জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, মামলা করতে গেলে পুলিশ ডাকাতির অভিযোগ গ্রহণ না করে শুধু হত্যার অভিযোগে মামলা নেয়।তবে এ অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ডাকাতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অন্য কোনো ঘটনার জের ধরে তিনি খুন হতে পারেন।