আশুলিয়ায় সওজের জমি দখল করে প্রাচীর নির্মাণ
ঢাকার আশুলিয়ার টাকশোর এলাকায় বাংলা-জাপান ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রায় ৪৫ শতক জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ওই জমির তিন পাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। দখলের অভিযোগে সওজের কর্মকর্তারা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।আশুলিয়ার ওই এলাকা মানিকগঞ্জ সওজের নয়ারহাট উপবিভাগের অধীন। এ কার্যালয় ঢাকার ধামরাই উপজেলার নয়ারহাটে অবস্থিত। নয়ারহাট সওজ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওসমান গণি প্রথম আলোকে বলেন, মাস দুয়েক আগে বাংলা-জাপান ট্রেডিং কর্তৃপক্ষ টাকশোর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সওজের অধিগ্রহণ করা প্রায় ৪৫ শতক জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করে। তখনই কাজ বন্ধ রাখতে প্রতিষ্ঠানটির পরিচালক ইওসিদা হিরোনারিকে তিনি পত্র দেন। পরে ইওসিদাকে আবারও চিঠি দেন নয়ারহাটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম আবুল বাশার খান। কিন্তু বাংলা-জাপান ট্রেডিং কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ অব্যাহত রাখে। এ পর্যায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আশুলিয়া থানাকে অনুরোধ করেন। কোনো কাজ না হওয়ায় সওজ মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান সরকারি জমি উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এর পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের পাশে প্রাচীর নির্মাণ করতে দেখা যায়। প্রাচীরের ভেতরে ছিল বাংলা-জাপান ট্রেডিং কর্তৃপক্ষের একটি সাইনবোর্ড।প্রাচীর নির্মাণকাজের দেখভালের দায়িত্বে থাকা মকবুল হোসেন বলেন, প্রতিষ্ঠানের মালিক দেশে নেই। সওজের কোনো জমি তাঁরা দখল করেননি বলে দাবি করেন।নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, বাংলা-জাপান কর্তৃপক্ষ গায়ের জোরে সওজের জমি দখল করে নিচ্ছে। অবৈধ দখল রোধে পুলিশের সহায়তা চেয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।জানতে চাইলে আশুলিয়া থানার এসআই ফরিদ আহম্মেদ বলেন, তাঁকে সওজের অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তদন্তে গিয়ে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।