আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার পাঁচজন মারা গেছেন। এ ছাড়া দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে।
আশুলিয়া থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের টঙ্গাবাড়ী এলাকায় গতকাল ভোর চারটার দিকে একটি গরুবাহী পিকআপ ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের মালিক রফিকুল ইসলাম (৩৫) এবং ওই পিকআপে থাকা গরু ব্যবসায়ী আব্বাস আলী (৫৫) ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান শফিকুল ইসলাম (৩৫) নামে আরও এক ব্যবসায়ী।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, পিকআপের মালিকসহ পিকআপটিতে তিনজন যাত্রী ছিলেন। তাঁরা জামালপুর থেকে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাজধানীর দক্ষিণখানে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে চালক ছাড়া অন্যরা মারা যান। ঘটনার পর স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তিনটি হস্তান্তর করা হয়।
অন্যদিকে গতকাল ভোর পাঁচটার দিকে একই সড়কের ইউনিক এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক সাইকেল আরোহী। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের বারইপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় অপর একটি বাস উল্টে গেলে আসাদুজ্জামান (৩৬) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজীরহাটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী একটি বাস সাভারগামী অপর একটি বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় সাভারগামী বাসটি সড়কের ওপর উল্টে যায়।
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: গত মঙ্গলবার রাতে আশুলিয়ার শ্রীখিক এলাকায় দুর্বৃত্তরা আজগর আলী (৫৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করে গাড়িটি নিয়ে গেছে। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, আশুলিয়ার গৌরীপুর এলাকায় আজগর আলীর একটি দোকান আছে। অটোরিকশা দিয়ে তিনি ওই দোকানের মালামাল পরিবহন করেন। মঙ্গলবার রাত একটার দিকে দোকান বন্ধ করে তিনি ওই অটোরিকশাযোগে শ্রীখিপ এলাকায় তাঁর বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গাড়িটি নিয়ে যায়। এ ব্যাপারে তাঁর ছেলে জাকির হোসেন গতকাল আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
জাকির বলেন, তাঁদের অটোরিকশাটি এক চালককে দিয়ে ভাড়ায় চালাতেন। কয়েক মাস আগে ওই চালক গাড়িটি গোপনে বিক্রি করে দেন। পরে স্থানীয়ভাবে আপস রফার মাধ্যমে ৫২ হাজার টাকাসহ গাড়িটি ফেরত পান। ওই ঘটনার জের ধরেই তাঁর বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা ও দুর্ঘটনার ব্যাপারে পৃথক মামলা হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।