আশুলিয়ায় সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার শ্রীপুর উত্তরপাড়া এলাকার আবদুল আলীম ওরফে গেদুরাজের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মিছিল ও থানা ঘেরাও করা হয়েছে। আবদুল আলীমের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে তাঁরা থানায় বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বুধবার রাতে আলীমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।আবদুল আলীমের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী নির্যাতনসহ বিভিন্ন থানায় অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তিনি গাজীপুর জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানা গেছে।বিক্ষুব্ধ মানুষ আবদুল আলীমের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের অভিযোগ গ্রহণ করেননি।বিক্ষুব্ধ লোকজন জানান, আলীম ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় নারী নির্যাতন, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা করেন। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগীরা উল্টো বিপদে পড়েন। তাঁর ভয়ে অনেকে এলাকা ছেড়েই চলে গেছেন।আলীমের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ লোকজন গত বুধবার রাত ১১টার দিকে তাঁর বাড়িতে হামলা চালিয়ে একটি ব্যক্তিগত গাড়িসহ ব্যাপক ভাঙচুর চালান। গতকাল বেলা ১১টার দিকে তাঁরা মিছিল করে আশুলিয়া থানায় যান। থানার সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে কয়েক শ লোক পুলিশের কাছে অভিযোগ দিতে ব্যর্থ হয়ে বাড়ি চলে যান। এর পর থেকে আলীমের লোকজন তাঁদের নানা রকম ভয়ভীতি দেখাচ্ছেন বলে তাঁরা জানান।এ ব্যাপারে আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা ছিল, যার কয়েকটি নিষ্পত্তি হয়ে গেছে আর কয়েকটি চলমান। উদ্দেশ্যমূলকভাবে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম বলেন, ‘আলীমের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা আমার জানা নেই। তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অভিযোগও আমার কাছে নেই।’