আশুলিয়ায় সাংবাদিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ঢাকার সাভারের আশুলিয়া থানার এক উপপরিদর্শকসহ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সুবিচার চেয়ে নির্যাতিত সাংবাদিকেরা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস থেকে ফেনসিডিল নামানো হচ্ছে—এমন সংবাদের সত্যতা যাচাইয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক শনিবার রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থানার বাইপাইল এলাকায় যান। সেখানে গিয়ে কোনো পুলিশ বা ফেনসিডিল উদ্ধারের ঘটনা দেখতে না পেয়ে সাংবাদিকেরা বাইপাইল রূপসা হোটেলে বসে নাশতা করছিলেন। রাত সোয়া ১২টার দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সাত্তার পুলিশ নিয়ে ওই হোটেলে যান। এ সময় মাই টিভির সাভার প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন ওই কর্মকর্তার কাছে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি জানতে চান। এসআই সাত্তার হঠাৎ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মোজাফ্ফরকে গালিগালাজ করতে থাকেন। মোজাফ্ফর এর প্রতিবাদ করলে ওই কর্মকর্তার নির্দেশে তাঁর সঙ্গে থাকা পুলিশ কনস্টেবলরা তাঁকে (মোজাফ্ফর) কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় দেশ টিভির সাভার প্রতিনিধি অপু ওহাব ও যায়যায়দিনের সাভার সংবাদদাতা মাহফুজুর রহমান এগিয়ে গেলে পুলিশ তাঁদেরও লাঞ্ছিত করে। একপর্যায়ে তিনি রিভলবার বের করেন এবং সাংবাদিকদের টেনে-হিঁচড়ে পুলিশভ্যানে ওঠানোর চেষ্টা করেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি মুঠোফোনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামকে জানানো হলে ওসির হস্তক্ষেপে সাংবাদিকেরা ছাড়া পান। সাংবাদিক মোজাফ্ফর হোসেন অভিযোগ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ ওই কর্মকর্তা নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এ ব্যাপারে এসআই আবদুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার রাতে ধূমপানকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।