আশুলিয়ায় সেতুর অপচয়

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে একটি সেতু নির্মাণের কাজ চলছে। আরেকটির কাজ শেষ হয়েছে। সেতু দুটি নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এলাকার লোকজন বলছেন, একটি সেতু নির্মাণ করা হয়েছে ব্যক্তিস্বার্থে, আর অন্যটি সড়কের অভাবে ব্যবহার করা যাবে না।
সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, কন্ডা এলাকায় ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয় ২০১১ সালে। দরপত্রে অংশ নিয়ে ২ কোটি ৩৮ লাখ টাকায় সেতুটি নির্মাণের কাজ পায় মেসার্স সিকদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সিকদার এন্টারপ্রাইজ ৮২ লাখ ১৭ হাজার টাকা বিল নিয়ে সেতুর কাজ ফেলে চলে যায়। গত বছর পুনরায় দরপত্র আহ্বান করা হলে ১ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকায় কাজ পায় পদ্মা কনস্ট্রাকশন ফার্ম নামের একটি প্রতিষ্ঠান।
গোপালবাড়ি ও কন্ডা গ্রামের অনেকেই বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার শ্রীপুর থেকে গোপালবাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন ও স্থানীয় বংশী নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তা না করে অপ্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হচ্ছে, যা তাঁদের কোনো উপকারে আসবে না।
ধামসোনা ইউনিয়নের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, কন্ডা ও গোপালবাড়ি গ্রামের মাঝামাঝি স্থানে রয়েছে বংশী নদী। নদী পারাপার হওয়ার জন্য বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা। জনসাধারণের এ সমস্যার বিষয়টি বিবেচনা করে নদীর ওপর সাঁকো নির্মাণ করে সেতুর নির্মাণ স্থানে মাটির রাস্তা বানানো হলে একদিকে জনসাধারণ উপকৃত হতো, অন্যদিকে সরকারি অর্থের সাশ্রয় হতো।
পদ্মা কনস্ট্রাকশনের মালিক আবদুস সালাম খান বলেন, সেতুর উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় কোনো রাস্তা নেই। রাস্তা না বানিয়ে এই সেতু নির্মাণ করায় তা এলাকাবাসীর উপকারে আসছে না।
সাভার উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র দেবনাথ বলেন, যে সময় সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তিনি সাভারে কর্মরত ছিলেন না। তাই এ বিষয়ে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কের সংযোগস্থল আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃতপ্রায় একটি খালের ওপর সরকারি অর্থায়নে আরও একটি সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি ব্যক্তিমালিকানাধীন একটি পাইকারি বাজারের ব্যবসায়ী ও মালিক ছাড়া আর কারও ব্যবহারের সুযোগ নেই।
সাভার উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের তত্ত্বাবধানে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে গত বছর সেতুটি নির্মাণ করা হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়ক ঘেঁষে রয়েছে মাছ আর কাঁচামালের পাইকারি বাজার। বাজারটির দক্ষিণ পাশে তিন দিকে স্থাপনা ঘেরা একটি ফাঁকা জায়গায় সম্প্রতি আরও একটি পাইকারি বাজার গড়ে উঠেছে। নতুন এই বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘নলির খাল’–এর ওপর নির্মাণ করা হয়েছে সেতু। নতুন ওই বাজার ও তিন পাশের স্থাপনার কারণে এলাকাবাসীর সেতু ব্যবহারের সুযোগ নেই।
স্থানীয় বসুন্ধরা এলাকার ব্যবসায়ী নূরুল ইসলামসহ আরও অনেকে বলেন, রাজনৈতিক প্রভাবে ব্যক্তিস্বার্থে সেতুটি নির্মাণ করা হয়েছে। ওই সেতু তাঁদের কোনো উপকারে আসবে না।
ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে সেতু দুটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় জনসাধারণ তা ব্যবহারের সুযোগ পাবে না।
যোগাযোগ করলে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক বলেন, ব্যক্তিস্বার্থে নয়, জনস্বার্থেই সেতু নির্মাণ করা হয়েছে।