আশুলিয়ায় সোয়েটার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার কুটুরিয়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় জেড এ সোয়েটার নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কারখানার চারতলা ভবনের নিচতলাসংলগ্ন স্টোররুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানার নিচতলা ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা, টঙ্গী, সাভার, ধামরাই ও ডিইপিজেড এলাকা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক থেকে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত নয়টা পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।
কারখানার স্টোর ইনচার্জ নুুুরুজ্জামান জানান, গতকাল রাতে তাঁদের িশপমেন্ট হওয়ার কথা ছিল। এ জন্য একই মালিকানাধীন জেড এ অ্যাপারেলস ও সোয়েটারের তৈির পোশাক ওই স্টোরে রাখা হয়েছিল। সন্ধ্যায় আগুন লেগে সেসব মালামালসহ সুতা ও মেশিন পুড়ে যায়। তবে আগুন লাগার সময় সোয়েটার কারখানার ফিনিশিং বিভাগের অর্ধশতাধিক শ্রমিক দ্বিতীয় তলায় কাজ করছিলেন। কিন্তু তাঁদের কোনো ক্ষতি হয়নি৷ কারণ, তাঁরা আগুন লাগার পরপরই নিরাপদে বের হয়ে যান।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, নিচতলায় স্টোররুমের পাশে বয়লার। সেখানে বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষিতর ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে বলা মুশকিল।
তবে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জানান, আগুনে তাঁদের দেড় থেকে দুই কোটি টাকার তৈরি পোশাকসহ আরও বেশ কিছু টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘এ ঘটনায় কোনো শ্রমিক আহত বা নিহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে দু-একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি।’