আশুলিয়ায় সোয়েটার কারখানা বন্ধ, কালিয়াকৈরে বিক্ষোভ
ঢাকার সাভারের আশুলিয়ায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) সফট টেক্সট সোয়েটার নামের একটি কারখানা গতকাল সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, গত রোববার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ দাবি মানতে অপারগতা জানালে শ্রমিকেরা সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে বাড়ি চলে যান। কর্তৃপক্ষ রাতেই কারখানার মূল ফটকে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়।গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে চাইলেও পুলিশের বাধার কারণে কোনো পদক্ষেপ নিতে না পেরে বাড়ি চলে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের উপস্থিতির কারণে শ্রমিকেরা কোনো উচ্ছৃঙ্খল আচরণ না করে ফিরে গেছেন।এদিকে বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার উইন্টার কালেকশন লিমিটেডের শ্রমিকেরা গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন। একই দাবিতে কারখানাটির শ্রমিকেরা ছয় দিন ধরে কর্মবিরতি পালন করে আসছেন।তাঁরা জানান, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন ১২ অক্টোবর দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে টালবাহানা শুরু করে। কারখানার চার শতাধিক শ্রমিক ২৭ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন। অক্টোবরসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করে। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিক ও কারখানার কর্মকর্তারা পুলিশের উপস্থিতিতে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল বুধবার সকালে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে নেন। কারখানার শ্রমিক আবুল কালাম ও সোহরাব হোসেন বলেন, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে সমঝোতা বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোপাল বাবু বলেন, ব্যাংকে সমস্যার কারণে তাঁরা শ্রমিকদের বেতন দিতে পারেননি। বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। তবে তাঁর দাবি, শ্রমিকেরা অক্টোবরসহ দুই মাসের বেতন পাবেন।