আশুলিয়ায় স্কুলছাত্র খুন
রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ায় মোস্তাক আহাম্মেদ মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। স্থানীয় গাজীরচট এলাকার বাসা থেকে গতকাল রোববার পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। মোস্তাক মধ্য গাজীরচট এলাকার মোশারফ মোল্লার ছেলে। সেখানকার টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল সে। পুলিশ জানায়, মোস্তাককে গত শনিবার বাসায় রেখে তার বাবা-মা গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেওভোগে যান। রাতে মোস্তাক একাই বাসায় ছিল। গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মোস্তাকের বাবা বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা থাকার বিষয়ে তাঁদের জানা নেই। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মোস্তাকের হাত ও গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া, মেঝেতেও জমাট বাঁধা রক্ত পড়ে থাকতে দেখা যায়। তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হতে পারে। প্রাথমিক তদন্তে মনে হয়, শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।