আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বিপুল স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। ডাকাতদের হামলায় আহত হয়েছেন সাতজন। লুট হওয়া স্বর্ণালংকারের অর্ধেক ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী তুষ্ট দাসের। বাকি অর্ধেক বিভিন্ন মানুষের, যাঁরা এগুলো বন্ধক রেখে তাঁর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। আশুলিয়ার জিরাব বাজারে ‘রমা জুয়েলার্স’ নামের তুষ্ট দাসের দুটি স্বর্ণের দোকান রয়েছে।তুষ্ট দাসের ছোট ছেলে বাসুদেব দাস বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জিরাব বাজারের দুটি দোকান বন্ধ করে ১৫ মিনিট পর তাঁরা বাড়ি পৌঁছান। এ সময় দুটি দোকানের সব স্বর্ণালংকার বাড়ি নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে রাত একটার দিকে ঘরে দাঁত ব্রাশ করছিলেন তুষ্ট দাসের বড় ছেলে আশুতোষ দাস। তিনি বলেন, বাড়ির পোষা কুকুরের চিৎকারে তাঁর সন্দেহ হয়। তিনি বের হয়ে চারজন যুবককে পশ্চিম দিকের সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তারা ধমক দিয়ে চিৎকার করতে মানা করে। এরপর ওই যুবকেরা বড় কাটার দিয়ে দুই মিনিটের মধ্যে বাড়ির ফটকের তালা কেটে ফটক খুলে দেয়। এ সময় ৩০ থেকে ৪০ জন ডাকাত বাড়ির ভেতরে ঢোকে। ডাকাত দেখে চিৎকার দিলে তারা আশুতোষের স্ত্রী বীথিকা দাসের মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ডাকাতেরা আশুতোষকেও রড দিয়ে পেটায়। চিৎকার শুনে পাশের ভবনে থাকা আশুতোষের মা রানী বালা দাসের ঘুম ভেঙে যায়।রানী বালা বলেন, ডাকাতেরা ঘরে ঢুকে তাঁর স্বামী ও ছোট ছেলের চোখ ও হাত বেঁধে খাটের ওপর শুইয়ে রাখে। এরপর স্টিলের আলমারি ভেঙে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ও প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়।ইয়ারপুর গ্রামের ব্যবসায়ী সফিকুল ইসলাম, আতাউর রহমান, সাইফুল ইসলামসহ অনেকে বলেন, ১৫ বছর ধরে গ্রামটিতে ডাকাতি হয় না। ডাকাতির খবর পাওয়ার পর তাঁরা ভয়ে বের হতে পারেননি। কারণ ডাকাতেরা গুলি ছুড়ে ও বোমা ফাটাতে ফাটাতে গ্রাম থেকে বের হয়। বোমায় আহত হন গ্রামের ইদ্রিস ব্যাপারী।ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত তুষ্ট দাস গতকাল আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় তিনি ১৫০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুটে নেওয়ার কথা উল্লেখ করেন। মামলায় লুট হওয়া স্বর্ণের পরিমাণ কম দেখানোর কারণ জানতে চাইলে হাউমাউ করে কেঁদে ওঠেন তুষ্ট দাস।তুষ্ট দাসের একজন আত্মীয় প্রথম আলোকে বলেন, অনুমতিহীন সুদের ব্যবসার বন্ধকি স্বর্ণালংকারের কথা মামলার এজাহারে লিখলে পরে বিপদ হতে পারে—পুলিশের এমন পরামর্শে তুষ্ট দাস লুট হওয়া স্বর্ণের পরিমাণ কম দেখাতে রাজি হন।এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা ওই বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। যে পরিমাণ স্বর্ণ লুট হয়েছে, মামলায় তা-ই উল্লেখ করা হয়েছে। এ জন্য কেউ তুষ্ট দাসকে কোনো পরামর্শ বা বাধ্য করেনি।’