আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে মরাগাঙ এলাকায় আবদুল্লাহপুর বাইপাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৩০ জন আরোহী আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঢাকাগামী ঈগল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাভারগামী আনন্দ সুপার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঈগল পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঈগল পরিবহনের চালক ও এক যাত্রী নিহত হন। অন্যদিকে, এই দুর্ঘটনায় আনন্দ সুপার পরিবহনের এক যাত্রী নিহত হন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বাস দুটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।