আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মায়ের হাত ধরে বাজারে যাচ্ছিল সোনিয়া (৭)। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মারে। মায়ের হাত থেকে ছিটকে রাস্তার ওপর লুটিয়ে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই মারা যায় সে। গতকাল শুক্রবার ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনিয়া কাঠগড়া এলাকার সুলতান মিয়ার মেয়ে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে। তার মা নূরজাহান বেগম একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আল হাসান সরকার বলেন, সকাল পৌনে নয়টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাব সড়কে দ্রুতগতির একটি ট্রাক মেয়েটিকে পেছন থেকে ধাক্কা মারে। মুহূর্তেই মেয়েটি ছিটকে সড়কের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই সে মারা যায়।
মেয়েটির বাবা সুলতান মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠেই তাঁর মেয়ে মাংস খাওয়ার জন্য বায়না ধরেছিল। মেয়ের আবদার রক্ষা করতে তাঁর স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিল মাংস কেনার জন্য। পথেই তাঁর মেয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। কান্নাজড়িত কণ্ঠে নূরজাহান বলেন, ‘আমার মণির (মেয়ে) আর মাংস খাওয়া অইল না। সর্বনাশা ট্রাক অর জীবন কাইড়া নিল।’
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। কিন্তু ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।