আশুলিয়ায় হা-মীম গ্রুপের কর্মকর্তাসহ নিহত ২
ঢাকার আশুলিয়ায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় নবীনগর-কালিয়াকৈর সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হা-মীম গ্রুপের ‘আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের’ মহাব্যবস্থাপক (উৎপাদন) মোক্তার হোসেন (৪৫)। এ সময় নবীনগর থেকে আবদুল্লাহপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মোক্তার হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ওরাকান্দা গ্রামে। এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। উভয় দুর্ঘটনায় গতকাল আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।