আশুলিয়ায় হিজড়াদের বিউটি পারলারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় যাত্রা শুরু হয়েছে উত্তরণ বিউটি পারলারের। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান গতকাল শনিবার পারলারটির উদ্বোধন করেন।
হাবিবুর রহমানের প্রচেষ্টায় উত্তরণ ফাউন্ডেশনের অর্থায়নে হিজড়াদের জন্য পারলারটি গড়ে তোলা হয়েছে। এর আগে সাভারের বেদে সম্প্রদায়ের জন্য গড়ে ওঠে উত্তরণ ফ্যাশন, উত্তরণ শোরুম ও কোচিং সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুর রহমান বলেন, সাভারের বেদে সম্প্রদায়ের পর হিজড়াদের নিয়ে কাজ শুরু করা হয়েছে। তাঁরা যাতে সমাজের বোঝা হয়ে না থেকে স্বাভাবিক মানুষের মতো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্যই উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একসময় সাভারের বেদেপল্লি ছিল মাদকের বাজার। আজ সেখানকার মানুষ সম্মান নিয়ে বাঁচতে শুরু করেছে। হিজড়ারাও একসময় বেদে সম্প্রদায়ের মতো সম্মানের জায়গায় চলে আসবেন। হিজড়াদের পুনর্বাসনের জন্য উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাস জায়গা বন্দোবস্ত নেওয়ার চেষ্টা চলছে। বরাদ্দ পেলে সেখানে বড় আকারের দুগ্ধ খামার গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এক হাজারের বেশি হিজড়া সম্প্রদায়ের লোক রয়েছেন। আয়ের বৈধ উৎস না থাকায় তাঁরা নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সম্মানজনক পেশায় ফিরিয়ে আনার জন্যই উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরণ বিউটি পারলারটি পরিচালনার দায়িত্বে থাকবেন হিজড়ারা। তবে এখানে কাজ করবেন রাজধানীর নামীদামি পারলারের বিউটিশিয়ানরা। এই পারলারে যে আয় হবে তা পাবেন হিজড়ারা।
অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ও স্থানীয় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ হিজড়া নেতারা উপস্থিত ছিলেন।