আশুলিয়ায় ২ কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় গতকাল সোমবার বিকেলে পাশাপাশি দুটি কারখানার গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ সুতা ও পোশাক তৈরির কাপড় পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পৌনে পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

পুলিশ ও কারখানা সূত্র জানায়, বিকেল পৌনে চারটার দিকে জিরাবর আমান স্পিনিং মিলের গুদামে আগুন লাগে। কিছুক্ষণ পরে ২০০ গজ দূরে মণ্ডল গ্রুপের গুদামেও আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই কারখানার পক্ষ থেকে ডিইপিজেডের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ঢাকা, কালিয়াকৈর, গাজীপুর ও ধামরাই ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ করে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, আমান স্পিনিং মিলের একতলা আধাপাকা শেডে বিপুল পরিমাণ সুতা ও তুলা ছিল। আর মণ্ডল গ্রুপের ছয়তলা ভবনের নিচতলার গুদামে ছিল পোশাক তৈরির কাপড়। আগুনে ওই সব মালামাল পুড়ে যায়। তবে কত টাকার মালামাল পুড়ে গেছে, তাৎক্ষণিকভাবে নির্ণয় করতে পারেনি কর্তৃপক্ষ।