আশুলিয়ায় ৬১৯ পোশাক শ্রমিকের বিরুদ্ধে মামলা
ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা বেসিক লিমিটেড নামের পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ভাঙচুর, লুটপাট ও কর্মকর্তাদের মারপিটের অভিযোগে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আসাদুজ্জামান গত বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় এই মামলা করেন।মামলায় ১১৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জন অজ্ঞাত পরিচয় শ্রমিককে আসামি করা হয়েছে। এর আগে গত ১৯ জুন একই ধরনের অভিযোগে কয়েক শ শ্রমিকের বিরুদ্ধে দুটি মামলা করে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সাত কর্মকর্তার অপসারণসহ শ্রমিকদের বিরুদ্ধে করা আগের মামলা প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ওই কারখানার শ্রমিকেরা গত বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের জেরে বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তা ও পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর চালান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ছয় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।শ্রমিকদের অভিযোগ, নানা অজুহাতে কর্মকর্তারা তাঁদের নির্যাতন এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। প্রতিবাদ করতে গেলেই কর্তৃপক্ষের উসকানিতে সংঘর্ষ হয়। পরে মিথ্যা অভিযোগে নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে মামলা এবং তাঁদের ছাঁটাই করা হয়। তাঁদের ন্যায্য পাওনাও পরিশোধ করা হয় না।শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে মামলার বাদী নাসা বেসিক লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আসাদুজ্জামান বলেন, কিছু শ্রমিক অযৌক্তিক দাবি তুলে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ওই সব শ্রমিককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।