আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকায় গত সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ছিনতাইকারী দলের সদস্য।র্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদি হাসানের ভাষ্যমতে, সোমবার রাতে সাদা পোশাকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাস নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। রাত সোয়া দুইটার দিকে দলটি গোকুলনগর এলাকায় দেখতে পায়, কয়েক ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর জিনিসপত্র ছিনতাই করছে। এ সময় র্যাব সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। র্যাব পিছু নিলে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যাদের নিয়ে ঘটনার সূত্রপাত সেই রিকশাযাত্রী ও এর চালক সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি র্যাব কর্মকর্তা মেহেদি হাসান। এদিকে গতকাল গোকুলনগরে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, রাতে তাঁরা গুলির শব্দ শোনেননি।