আশ্বস্ত হলেও স্বস্তি পায়নি সাঁওতালেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দাবি-দাওয়া ও সমস্যা সমাধানে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেছে সাঁওতালদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। তবে তাদের সঙ্গে বৈঠকে আশ্বস্ত হলেও স্বস্তি পায়নি সাঁওতালেরা। তারা বলছে, অনেক পরিবার প্রচণ্ড শীতে একপ্রকার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সেখানে প্রচণ্ড খাদ্যাভাব চলছে।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু স্বস্তি নিয়ে যেতে পারছি না। কারণ, আমাদের সম্প্রদায়ের লোকজন এখন মানবেতর জীবনযাপন করছেন।’
আওয়ামী লীগর নেতাদের সঙ্গে বৈঠকে সমস্যার যথাযথ প্রতিকার পাওয়ার জন্য সংগঠন দুটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পেশ করা হয়। এতে বলা হয়, ‘গত ২১ ডিসেম্বর সন্ত্রাসী ও পুলিশ বাহিনী ফার্মসংলগ্ন দুটি গ্রামে অভিযান চালায়। অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ২২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও সন্ত্রাসীদের হুমকির কারণে তাঁরা যেতে পারেননি।’
তাঁদের দাবি, অবিলম্বে সেখানকার ইউএনও ও ওসিকে প্রত্যাহার ও শাস্তি প্রদান; সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী পুলিশ ও তাদের নির্দেশ দানকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে এবং হামলায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান তাঁরা।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তাঁরা খুব আশ্বস্ত যে বর্তমান সরকার তাঁদের সমস্যা সমাধানে আন্তরিক। শেখ হাসিনার সরকারের প্রতি বিশ্বাস আছে যে, এই সরকার যা বলে তা করে।’
ওবায়দুল কাদের ছাড়াও বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওছার, পারভীন জামান, মেরিনা জাহান, রেমন্ড আরেং প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাঁওতালদের প্রতিনিধিদলে ছিলেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি ফিলিমন বাস্কে, সাঁওতালদের নেতা লরেন্স বেসরা, প্রভাত টুডু, মানিক সরেন ও গণেশ মুর্মু।